তেঁখ বাংলা রিপোর্ট:
জুলাই বিপ্লবের অন্যতম কন্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব মো. সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।
বক্তারা অবিলম্বে ইনকিলাব মঞ্চ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং শহীদ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি তোলেন। তাঁরা বলেন, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন বাধাগ্রস্ত হবে।
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখার যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী বলেন, “আজাদির লড়াইয়ে শহীদ হাদি এক অনুপ্রেরণার নাম। আধিপত্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে তাঁর সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে।”
সভাপতির বক্তব্যে চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, “শহীদ হাদির উত্তরসূরি হিসেবে আমরা দেশে ও প্রবাসে সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখব। ইনকিলাব মঞ্চের কার্যক্রম আরও বিস্তৃত ও সংগঠিত করা হবে।”
বক্তারা অভিযোগ করেন, দেশে ও বিদেশে সক্রিয় কিছু মহল হত্যাকারীদের আড়াল করতে বিভ্রান্তিকর বক্তব্য ও নাটক সাজাচ্ছে। তবে জনগণ ও জুলাই আন্দোলনের যোদ্ধারা সব ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত বলে তাঁরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী, শিল্পী, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় গবেষক ইশতিয়াক আকিব, মাসরুক আহমেদ, রেজওয়ান হিমেল, শাহপরান শাকিল, সাকিব হোসেন ইবন, মাজহারুল হক তালুকদার এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হিজবুল্লাহসহ অনেকে উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে শহীদ শরীফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আয়োজকেরা।