তেঁখ বাংলা রিপোর্ট :মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশি নাগরিক পরিষদ–ফ্রান্সের আয়োজনে প্রথমবারের মতো মেধাবী শিক্ষার্থী ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে প্যারিসের ম্যাক্সদোরমি হলে আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশির উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক, লেখক ও কলামিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য।
অনুষ্ঠান চলাকালে হলের সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন সমর্থক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ফরাসি পুলিশ দাওয়া দিয়ে তাদের অনুষ্ঠানস্থলের এলাকা থেকে বের করে দেয় । এ সময় আলী আক্কাস নামে ফ্রান্স আওয়ামী লীগের এক নেতাকে পুলিশ আটক করে।
ফ্রান্সের একটি অরাজনৈতিক সংগঠন বাংলাদেশি নাগরিক পরিষদের আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তির এমন আচরণ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে। ফ্রান্সে বসবাসরত অনেক বাংলাদেশির মতে, বিদেশের মাটিতে—বিশেষ করে ফ্রান্সের মতো একটি গণতান্ত্রিক দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এ ধরনের অপতৎপরতা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা স্থায়ী করার যৌক্তিকতাও আরও স্পষ্ট হয়েছে বলে মনে করছেন তারা।
সরেজমিনে দেখা যায়, নাগরিক পরিষদের এ আয়োজনটি প্যারিসে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিদের এক মিলনমেলায় পরিণত হয়। বিশেষ করে নারী অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে অংশ নেওয়া এক নারী বাংলাদেশি তেঁখ বাংলাকে বলেন, “ফ্রান্সের মাটিতে জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত শক্তির এমন আচরণ আবারও প্রমাণ করেছে, আওয়ামী লীগ একটি স্বাভাবিক রাজনৈতিক শক্তি নয়।”
এ বিষয়ে সাংবাদিক নেতা মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, “চব্বিশের পরাজিত শক্তির সব অপতৎপরতা দেশের ভেতরে ও বাইরে নিয়মতান্ত্রিকভাবে প্রতিহত করতে আমরা দল-মতের ঊর্ধ্বে উঠে একযোগে কাজ করে যাব। জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ যে গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করেছে, তা কিছু সংখ্যক আধিপত্যবাদী শক্তির দালালদের ষড়যন্ত্রে কখনোই বাধাগ্রস্ত হবে না।”