তেঁখ বাংলা ডেস্ক :
ফ্রান্সের রাজধানী প্যারিসে সিলেট-৩ সংসদীয় আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীর পক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় প্যারিসের ওভারবিলিয়ে এলাকায় অবস্থিত ‘বটতলা’ রেস্টুরেন্টের হলরুমে ফ্রান্সে অবস্থানরত সিলেট-৩ আসনের ১১ দলীয় সমর্থক ফোরামের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এতে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দীন রাজুর ‘রিকশা’ প্রতীকের পক্ষে সমর্থন জানানো হয়।
ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক খালেদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং নজরুল ইসলাম মাহবুব ও মাওলানা নজরুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হাফেজ নাফে।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন সিলেট-৩ আসনের ১১ দলীয় জোট প্রার্থী হাফেজ মাওলানা মোসলেহ উদ্দীন রাজু। তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে এলাকার ভারসাম্যমূলক উন্নয়ন নিশ্চিত করবো। যে এলাকার যাপ্রয়োজন, তা নিজ উদ্যোগেই বাস্তবায়ন করা হবে। জনগণকে আমার কাছে দাবি–দাওয়া নিয়ে আসতে হবে না।”
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিলেট-৩ আসনকে একটি উন্নয়নবান্ধব এলাকায় পরিণত করাই হবে তার মূল লক্ষ্য।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নাগরিক পরিষদ ফ্রান্সের উপদেষ্টা জালাল আহমেদ, সংগঠনের সভাপতি আবুল খায়ের লস্কর এবং নোয়াজিলেক জামে মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সুফিয়ান বিন এনামসহ ফ্রান্সে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখতে এবং একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের লক্ষ্যে সিলেট-৩ আসনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী মোসলেহ উদ্দীন রাজুকে বিজয়ী করার বিকল্প নেই। স্থানীয় উন্নয়ন ও জনগণের সমস্যা সমাধানে তাকে সমর্থন জানানো জরুরি বলেও তারা মত দেন।
অনুষ্ঠানের শেষ পর্বে মাওলানা মোজাম্মেল হকের দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।