হত্যাকারীদের বিচারের দাবিতে প্যারিসে শহীদ ওসমান হাদীর স্মরণসভা

তেঁখ বাংলা রিপোর্ট :

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদীর সংগ্রামী জীবন ও রাজনৈতিক আদর্শ স্মরণে এবং তাঁর হত্যাকারীদের বিচারের দাবিতে ফ্রান্সের রাজধানী প্যারিসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) প্যারিসের অদূরে পন্তা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, রাজনীতিক ও সমাজকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সের বাংলাদেশ কমিউনিটির সিনিয়র সিটিজেন ও সাংবাদিক আবদুল মান্নান আজাদ। সভা সঞ্চালনা করেন শহীদ ওসমান হাদী সমর্থক ফোরামের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান।

আলোচনায় বক্তারা শহীদ ওসমান হাদীর আপসহীন নেতৃত্ব, গণতন্ত্র ও সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে তাঁর সাহসী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তাঁর হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার জোরালো দাবি জানান।

অ্যাক্টিভিস্ট মনোয়ার পাটোয়ারী বলেন, “ওসমান হাদী ছিলেন রাজনৈতিক আধিপত্যবাদবিরোধী আন্দোলনের এক সাহসী সম্মুখযোদ্ধা। তাঁর আদর্শকে ধারণ করেই এ সংগ্রাম এগিয়ে নিতে হবে।”

সিনিয়র সাংবাদিক ও এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন বলেন, “সাংস্কৃতিক আধিপত্যবাদ রুখতে শহীদ হাদীর দেখানো পথ আমাদের জন্য আজীবনের দিশা।”

সভাপতির বক্তব্যে আবদুল মান্নান আজাদ বলেন, “দেশ ও জাতিকে সাম্রাজ্যবাদী শক্তির কবল থেকে মুক্ত রাখতে শহীদ হাদীর দেখানো পথে ঐক্যবদ্ধ লড়াই ছাড়া অন্য কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক খোরশেদ আলম পাটোয়ারী, এফবিজেএ মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, বিএনডিএ আহ্বায়ক মোহাম্মদ আলী চৌধুরী, ব্যবসায়ী আজাদী আবুল বাশার (হেলাল), কাজী নজরুল সেন্টার ফ্রান্সের সভাপতি কবি সোহেল আহমেদ, কবি চৌধুরী রেজাউল হায়দার, বিসিএফ সাধারণ সম্পাদক নাজমুল কবির, এইড পয়েন্টের প্রতিষ্ঠাতা ফয়সাল মাহমুদসহ কমিউনিটির বিশিষ্টজনেরা।

এ ছাড়া রাজনীতিবিদ, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠান শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Share